আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত কৌশলগত সমর্থনকে কাজে লাগিয়ে অবিলম্বে পশ্চিম তীর দখলের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির ১৪ জন মন্ত্রী। বুধবার (২ জুলাই) এসব মন্ত্রী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক যৌথ চিঠিতে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার তাগিদ দিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।
চিঠিটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ। এতে মন্ত্রীরা বলেন, নেসেটের চলমান গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই—যেটি শেষ হবে ২৭ জুলাই—পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা জরুরি।
চিঠিতে যুক্তি দেওয়া হয়েছে, পশ্চিম তীর সংযুক্ত করার মতো ‘অনুকূল কূটনৈতিক পরিবেশ’ এখন বিরাজ করছে। ট্রাম্প প্রশাসনের সমর্থন এবং যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক অবস্থান এই পদক্ষেপের জন্য যথেষ্ট সহায়ক বলে মন্ত্রীরা দাবি করেন।
তাদের ভাষায়, “কিছু বসতিতে ইসরায়েলের অধিকার স্বীকার করে বাকি এলাকাগুলোকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ছেড়ে দেওয়া হলে, তা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।”
এই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা, অর্থনীতি, কৃষি, জ্বালানি, যোগাযোগ, পরিবহন, বিচার, পর্যটন, উদ্ভাবন, সংস্কৃতি, প্রবাসী ইহুদি বিষয়ক, শিক্ষা, সামাজিক সমতা ও আঞ্চলিক সহযোগিতা–বিষয়ক মন্ত্রীরা। চিঠিতে সই করেছেন নেসেট স্পিকার আমির ওহানাও।
এদিকে, ফিলিস্তিন কর্তৃপক্ষ একে ‘গুরুতর হুমকি’ আখ্যা দিয়ে বলেছে, পশ্চিম তীর সংযুক্ত করার যে কোনো প্রচেষ্টা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। তাদের দাবি, পশ্চিম তীর ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ এবং সেখানে দখলদারি মানে হবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন।








