আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্ক উন্মোচন করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘গাজাপ’। মঙ্গলবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পমেলা (আইডিইএফ) ২০২৫-এ নতুন এ বোমাটি প্রথমবারের মতো জনসমক্ষে আনা হয়।
‘গাজাপ’ বোমাটির ওজন প্রায় ৯৭০ কেজি বা ২ হাজার পাউন্ড। এটি নির্মাণ করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কেন্দ্র। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, এই বোমা প্রতি মিটারে ১০ দশমিক ১৬টি বিস্ফোরণ ঘটাতে সক্ষম, যেখানে প্রচলিত বোমায় তিন মিটার ব্যবধানে একটি বিস্ফোরণ ঘটে। ফলে ‘গাজাপ’-এর ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি। এটি এফ-১৬ যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা যায়।
কর্মকর্তারা আরও জানান, বোমাটির বিস্ফোরক ও ফিলার ডিজাইনে নতুন পরিবর্তন আনা হয়েছে। এর গুণগত মান যাচাই ও সার্টিফিকেশন প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং এটি এখন ব্যবহার উপযোগী।

এছাড়া, প্রতিরক্ষা মেলায় তুরস্ক আরও একটি আধুনিক বোমা ‘নেব-২ ঘোস্ট’ উন্মোচন করে। এটিও ৯৭০ কেজি ওজনের এবং বাঙ্কার বিধ্বংসী বোমা হিসেবে এর কার্যকারিতা অত্যন্ত উচ্চমানের। এই বোমাটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো সুরক্ষিত ও কংক্রিট নির্মিত স্থাপনায় প্রবেশ করে ধ্বংস করার ক্ষমতা রাখে।
কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের প্রচলিত মিসাইল যেখানে ২ দশমিক ৪ মিটার পর্যন্ত সি৩৫ গ্রেড কংক্রিট ভেদ করতে পারে, সেখানে ‘নেব-২’ সি৫০ গ্রেড (তিনগুণ শক্তিশালী) কংক্রিট ৭ মিটার গভীর পর্যন্ত ভেদ করতে সক্ষম।
পরীক্ষামূলক অভিযানে দেখা গেছে, এই বোমা দ্বীপের মাটিতে ৯০ মিটার গভীরে প্রবেশ করে ভূমিধস, গ্যাস নির্গমন ও পাথরচূর্ণ বিস্ফোরণ ঘটায়। এছাড়া, ‘নেব-২’-এর বিস্ফোরণের সময় ২৫ মিলিসেকেন্ড থেকে বাড়িয়ে ২৪০ মিলিসেকেন্ড করা হয়েছে, যার ফলে এর ধ্বংসাত্মক ক্ষমতা আরও বহুগুণ বেড়ে গেছে।
এই দুটি উন্নত বোমা তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতায় এক নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আনাদোলু এজেন্সি








