নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস কমপ্লেক্সের কেএলসিসি টাওয়ার ৩–এর একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১ নভেম্বর) সকালে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সেন্টুল ফায়ার অ্যান্ড রেসকিউ প্রধান মোহাম্মদ হাফিজান হাসান জানান, সকাল ৬টা ৪১ মিনিটে জরুরি কল পাওয়ার পর সেন্টুল, জালান তুন রাজাক ও জালান হাং তুয়া—এই তিনটি স্টেশন থেকে মোট ৩৫ জন অগ্নিনির্বাপক কর্মী ঘটনাস্থলে পৌঁছান। তাদের দ্রুত প্রচেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, রেস্টুরেন্টটি তখন বন্ধ ছিল এবং ভেতরে কোনো কর্মী বা গ্রাহক উপস্থিত ছিলেন না। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত ঘটে। তবে বিস্তারিত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রেস্টুরেন্টটি বন্ধ রাখা হয়েছে।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে টাওয়ার ৩–এর প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে কেএলসিসি এলাকার আশপাশে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ দর্শনার্থীদের বিকল্প পথে সরিয়ে দেয়।
শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, টাওয়ার ৩–এর উপরের অংশ থেকে ঘন কালো ধোঁয়া উঠছে। মুহূর্তেই সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে পড়ে এবং কুয়ালালামপুরের বাসিন্দাদের মধ্যে সাময়িক উদ্বেগের সৃষ্টি হয়।
অগ্নিনির্বাপক বাহিনী জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শন কার্যক্রম চলছে।








