মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথম এভারেস্টজয়ী অভিযানের সদস্য কাঞ্চা শেরপা’র মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করা প্রথম অভিযানের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপা আর নেই। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিবিসি।

পরিবার সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কাঞ্চা শেরপা অসুস্থ হয়ে পড়েছিলেন।

১৯৫৩ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি যোগ দেন স্যার এডমন্ড হিলারি ও তেনজিং নোরগের নেতৃত্বাধীন সেই ঐতিহাসিক অভিযানে, যা মানব ইতিহাসে প্রথমবারের মতো এভারেস্ট জয়ের রেকর্ড গড়ে। ৩৫ সদস্যের ঐ অভিযাত্রিক দলে কাঞ্চা শেরপা ছিলেন একজন সহায়তাকারী (পোর্টার)। আগে কখনও পাহাড়ে ওঠার অভিজ্ঞতা না থাকলেও, তিনি টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে কঠিন যাত্রায় খাদ্য, তাঁবু ও সরঞ্জাম বহন করে বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছান।

পরবর্তীতে তিনি ছিলেন সেই তিনজন শেরপার একজন, যারা ৮ হাজার মিটার (২৬ হাজার ২৪৭ ফুট) উচ্চতা পর্যন্ত উঠতে সক্ষম হন। তাঁর দৃঢ়তা, সাহস এবং আত্মনিবেদন তাঁকে পর্বতারোহণ জগতের এক অনন্য নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এভারেস্ট অভিযানের পর কাঞ্চা শেরপা আরও দুই দশক হিমালয়ের দুর্গম অঞ্চলে উচ্চপর্যায়ের পোর্টার হিসেবে কাজ করেন। তবে পরবর্তীতে স্ত্রীর অনুরোধে তিনি বিপজ্জনক এ পেশা থেকে অবসর নেন।

নেপালের পর্বতারোহীরা কাঞ্চা শেরপাকে স্মরণ করছেন এক “দুর্দান্ত কিংবদন্তি” ও “অমলিন অনুপ্রেরণার উৎস” হিসেবে। তাঁর মৃত্যুতে পর্বতারোহণ জগৎ হারাল এক জীবন্ত ইতিহাসের সাক্ষীকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ