,

প্রেসিডেন্টের সংবাদ দেখতে অস্বীকৃতি জানানোয় কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:

তিউনিসিয়ায় টেলিভিশনে প্রেসিডেন্ট কাইস সাইদকে নিয়ে প্রচারিত একটি খবর দেখতে অস্বীকৃতি জানানোয় এক বন্দিকে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনায় দেশটির একটি মানবাধিকার সংস্থা এবং ওই বন্দীর আইনজীবী শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দীর আইনজীবী আদেল সাগাইর জানান, শুরুতে তাঁর মক্কেলের বিরুদ্ধে তিউনিসিয়ার দণ্ডবিধির ৬৭ ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছিল, যা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে অপরাধের সঙ্গে সম্পর্কিত। তবে পরে মামলার রাজনৈতিক প্রেক্ষাপট আড়াল করতে সেই ধারা পরিবর্তন করে অভিযোগ গঠন করা হয় ‘জনসমক্ষে অশোভন আচরণ’-এর ভিত্তিতে।

তিউনিসিয়া লিগ ফর হিউম্যান রাইটসের গাফসা শাখা জানিয়েছে, কারাকক্ষে থাকা অবস্থায় বন্দীটি টেলিভিশনে প্রেসিডেন্ট কাইস সাইদকে নিয়ে প্রচারিত একটি খবর দেখতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এ ঘটনাকেই কেন্দ্র করে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়।

উল্লেখ্য, কাইস সাইদ ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে তিউনিসিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে ২০২১ সালে তিনি দেশের নির্বাহী ও আইন প্রণয়ন ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন এবং এরপর থেকে ডিক্রি জারি করে দেশ শাসন করে আসছেন।

২০২৩ সালের অক্টোবরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কাইস সাইদ নিরঙ্কুশ জয় পেলেও ভোটার উপস্থিতি ছিল তিউনিসিয়ার ইতিহাসে সবচেয়ে কম। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, গণতন্ত্রের চর্চা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে দেশটিতে ক্রমেই উদ্বেগ বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ