শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আহ্বান জানাল ফ্রান্সসহ ১৫টি পশ্চিমা দেশ

(প্রতীকী ছবি)

আন্তর্জাতিক ডেস্ক:

ফ্রান্স, স্পেন, নরওয়ে, ফিনল্যান্ডসহ মোট ১৫টি পশ্চিমা দেশ বিশ্ব সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। নিউইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এক সম্মেলনের পর বুধবার (৩০ জুলাই) ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট এ তথ্য নিশ্চিত করেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লেখেন, “নিউইয়র্কে আরও ১৪টি দেশের সঙ্গে ফ্রান্স একটি সম্মিলিত আবেদন জানাচ্ছে: আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি। যারা এখনও এই স্বীকৃতি দেয়নি, তাদের আমাদের সঙ্গে যোগ দিতে আমন্ত্রণ জানাচ্ছি।”

এ যৌথ বিবৃতিতে জানানো হয়, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে পুনরুজ্জীবিত করাই এই আহ্বানের মূল উদ্দেশ্য।

এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছিলেন, আগামী সেপ্টেম্বরেই ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তবে এ ঘোষণার বিরুদ্ধে কড়া অবস্থান নেয় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

এদিকে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইঙ্গিত দেন, গাজায় যুদ্ধবিরতির মতো ‘গঠনমূলক পদক্ষেপ’ না নিলে যুক্তরাজ্যও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে।

আরব নিউজ জানায়, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডসহ আরও ৯টি দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলেও তারা বিষয়টি ‘ইতিবাচক দৃষ্টিভঙ্গি’ থেকে বিবেচনা করছে বলে জানিয়েছে।

ফ্রান্স-আরব সম্মেলনে অংশগ্রহণকারী ১৭টি দেশ, ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লীগ এক যৌথ আহ্বানে হামাসকে নিরস্ত্রীকরণ, গাজায় সুশাসন নিশ্চিতকরণ এবং ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান ধ্বংসযজ্ঞের অবসান ঘটানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ