পথে প্রান্তরে ডেস্ক
বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটের ‘ভ্রমণ’ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক হলুদ চিহ্ন দেখানো হয়েছে। অর্থাৎ, বাংলাদেশে ভ্রমণের সময় উচ্চমাত্রায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে দেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন দেখানো হয়েছে। এর মানে, পার্বত্য অঞ্চলে ভ্রমণে নিজ দেশের নাগরিকদের নিষেধ করেছে কানাডা।
নাগরিকদের উদ্দেশে কানাডা সরকার জানিয়েছে— বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ এবং দেশজুড়ে হরতাল-অবরোধের পরিস্থিতি মাথায় রেখে ভ্রমণের সময় উচ্চমাত্রায় সতর্ক থাকতে হবে। যেকোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটতে পারে, যার আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে।
পার্বত্য তিন জেলায় ভ্রমণ না করার পরামর্শ দিয়ে আরও বলা হয়েছে— রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সংঘাতের কারণে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলা উচিত।








