,

ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক আরোপ: নেপথ্যে যে কারণ

পথে প্রান্তরে আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৬ আগস্ট) ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এই ‘জরিমানা’র কারণ হিসেবে নয়াদিল্লির মস্কো থেকে তেল ক্রয় অব্যাহত রাখার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পূর্বে ঘোষিত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেন। নতুন আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অধিকাংশ ভারতীয় পণ্যের ওপর এখন থেকে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ হবে।

প্রতিবেদন অনুসারে, প্রাথমিক ২৫ শতাংশ শুল্ক ৭ আগস্ট থেকে কার্যকর হবে এবং একই পরিমাণ নতুন শুল্ক ২১ দিন পর কার্যকর হবে। তবে ইতোমধ্যেই ট্রানজিটে থাকা পণ্য এই আদেশের আওতামুক্ত থাকবে।

ট্রাম্পের নির্বাহী আদেশে উল্লেখ করা হয়েছে, “আমি দেখতে পাচ্ছি, ভারত সরকার বর্তমানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ান ফেডারেশন থেকে তেল আমদানি করছে।”

হোয়াইট হাউস সতর্ক করে বলেছে, রাশিয়া বা প্রভাবিত অন্যান্য বিদেশি সরকার প্রতিশোধমূলক পদক্ষেপ নিলে এই আদেশ সংশোধন হতে পারে, অর্থাৎ শুল্ক আরও বাড়ানো বা কমানো সম্ভব।

এই সপ্তাহের শুরুতে ট্রাম্প ভারতের ওপর ‘যথেষ্ট পরিমাণে’ শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছিলেন। তবে তখন তিনি অতিরিক্ত ২৫ শতাংশের কথা উল্লেখ করেননি। তিনি অভিযোগ করেন, ভারত রাশিয়ান তেল বিপুল পরিমাণে কিনে বেশি দামে অন্যান্য দেশে বিক্রি করছে।

অন্যদিকে, গত সোমবার ভারত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করে জানায়, রাশিয়ার অপরিশোধিত তেল ক্রয়ের জন্য নয়াদিল্লিকে ‘অযৌক্তিকভাবে লক্ষ্যবস্তু’ করা হচ্ছে। ভারত দাবি করে, যুক্তরাষ্ট্র ও ইইউ—দুই পক্ষই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। তবে নতুন শুল্ক বিষয়ে নয়াদিল্লি এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ