ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সরাসরি সংলাপের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বৃহস্পতিবার পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, দুই দেশের সঙ্গে আলাপকালে রুবিও অনতিবিলম্বে পরিস্থিতি শান্ত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ভারত-পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে এবং উভয় দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর প্রচেষ্টাকে উৎসাহিত করছে যুক্তরাষ্ট্র।
এদিকে ওইদিন রাতের শেষভাগে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভারতীয় সেনাবাহিনীর ধারণা, এটি পাকিস্তান থেকে চালানো ড্রোন হামলা হতে পারে।
রুবিওর এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই ভারত ও পাকিস্তানের মধ্যে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হয়। ভারত এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে, যদিও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করেছে। পরবর্তীতে ভারতের পক্ষ থেকে চালানো ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালানো হয়।
পাকিস্তান দাবি করেছে, এই অভিযানে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত।
এ পরিস্থিতিতে হস্তক্ষেপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে, ভারত-পাকিস্তান সংঘাত শিগগিরই থেমে যাবে। যদিও এখনো ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মধ্যস্থতার প্রস্তাব আসেনি।








