আন্তর্জাতিক ডেস্ক
ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’কে (CIA) অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
ট্রাম্প বলেন, “দু’টি কারণে আমি সিআইএকে অনুমতি দিয়েছি। প্রথমত, তারা (ভেনেজুয়েলা সরকার) তাদের কারাগারগুলো খালি করে অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিয়েছে। দ্বিতীয়ত, ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। আমরা এখন থেকে সমুদ্রপথের পাশাপাশি স্থলপথেও তা আটকাব।”
নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাম্পের এই অনুমোদনের ফলে সিআইএ এখন একতরফাভাবে কিংবা বৃহত্তর মার্কিন সামরিক অভিযানের অংশ হিসেবে ভেনেজুয়েলায় অভিযান চালাতে পারবে। যদিও সংস্থাটি বাস্তবিকভাবে কোনো অভিযান শুরু করেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
গত কয়েক সপ্তাহে মার্কিন বাহিনী ক্যারিবীয় অঞ্চলে মাদকবাহী সন্দেহজনক নৌকার ওপর অন্তত পাঁচটি হামলা চালিয়েছে। এসব হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। সর্বশেষ মঙ্গলবার ভেনেজুয়েলা উপকূলে মার্কিন বাহিনীর এক অভিযানে ছয়জন নিহত হন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা রয়েছে কি না—এ বিষয়ে সরাসরি কিছু বলেননি ট্রাম্প। তবে এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেফতারে সহায়ক তথ্য দিতে পারলে ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
দক্ষিণ আমেরিকা অঞ্চলে সিআইএ দীর্ঘদিন ধরেই গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে। ট্রাম্প প্রশাসনের এই নতুন অনুমোদনকে বিশ্লেষকরা ভেনেজুয়েলার বিরুদ্ধে ওয়াশিংটনের চাপ আরও বাড়ানোর কৌশল হিসেবে দেখছেন।
সূত্র: নিউইয়র্ক টাইমস।








