সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ক্যালিফোর্নিয়ায় নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে একটি এফ-৩৫সি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পাইলট সময়মতো বিমান থেকে বেরিয়ে এসে নিরাপদে রক্ষা পান।

মার্কিন নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

সিএনএনের সহযোগী চ্যানেল কেএফএসএন প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে খোলা কৃষিজমিতে বিধ্বস্ত স্থানে আগুন এবং ঘন কালো ধোঁয়া উঠছে।

ফ্রেসনো কাউন্টি শেরিফ অফিস জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয় একটি ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস (ইএমএস) দলের সদস্যরা পাইলটকে সহযোগিতা করতে ঘটনাস্থলে পৌঁছান। দ্রুত সাড়া দেয় ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসও।

জানা গেছে, বিধ্বস্ত এফ-৩৫সি বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-কে (রাফ রেইডার্স) বরাদ্দ ছিল। এটি একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন, যেখানে নৌবাহিনীর পাইলট ও বিমান ক্রুদের প্রশিক্ষণ দেওয়া হয়।

দুর্ঘটনার শিকার বিমানটি এফ-৩৫ লাইটেনিং ২ সিরিজের ‘সি’ ভ্যারিয়েন্ট, যা মূলত মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য তৈরি। একটি এফ-৩৫সি বিমানের আনুমানিক মূল্য প্রায় ১০০ মিলিয়ন ডলার।

চলতি বছর এটিই দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে। এর আগে জানুয়ারিতে আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে একটি এফ-৩৫এ বিমান প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়েছিল। সেবারও পাইলট অক্ষত অবস্থায় উদ্ধার পান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ