পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:
রাশিয়ার পূর্বাঞ্চলে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর হাওয়াই ও আলাস্কায় সুনামির সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (৩০ জুলাই) ভোররাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস (যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র হাওয়াই ও আলাস্কায় সুনামির সতর্কতা জারি করে।
রাশিয়ার কামচাটস্কি অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোডভ টেলিগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, “আজকের ভূমিকম্পটি ছিল ভয়াবহ—এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।”
তিনি জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে, সখালিনের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো জানিয়েছেন, উপদ্বীপের দক্ষিণাঞ্চলে সুনামির আশঙ্কায় কয়েকটি ছোট শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা সতর্কতা জারি করে জানিয়েছে, তাদের উপকূলে এক মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।
হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স বিভাগ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে বিধ্বংসী সুনামি ঢেউয়ের আশঙ্কা রয়েছে।
এর আগে গত ২০ জুলাইও রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তখন মাত্র ৩২ মিনিটের ব্যবধানে একই এলাকায় তিনটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার পরপরই জারি করা হয় সুনামি সতর্কতা।








