বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাগরের নিচে রোমান আমলের শহরের সন্ধান

অনলাইন ডেস্কঃ 

মিশরের আলেকজান্দ্রিয়া উপকূলে সমুদ্রতলে চাপা পড়ে থাকা দুই হাজার বছরেরও বেশি পুরোনো এক শহরের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। পানির নিচ থেকে উদ্ধার করা হয়েছে শহরটির বেশ কিছু নিদর্শন। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, এটি প্রাচীন কানোপাস নগরীর সম্প্রসারিত অংশ।

উদ্ধার হওয়া নিদর্শনের মধ্যে রয়েছে মাথাভাঙা একটি মূর্তি, চুনাপাথরের তৈরি স্থাপনা, বাণিজ্যিক ও শিল্পকেন্দ্রের কাঠামো, প্রত্নবস্তু এবং ডকইয়ার্ডের ধ্বংসাবশেষ।

মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবু কির উপসাগরের গভীরে ডুবে থাকা এই নগরী প্রাচীন কানোপাস শহরের বিস্তৃত অংশ হতে পারে। টলেমীয় শাসনামলে প্রায় ৩০০ বছর এবং রোমান সাম্রাজ্যের অধীনে আরও ৬০০ বছর ধরে নগরীটি সমৃদ্ধ ছিল।

তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ভূমিকম্পের কারণে সময়ের সঙ্গে সঙ্গে শহরটি এবং এর পাশের বন্দর হেরাক্লিয়ন পানির নিচে তলিয়ে যায়।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার উদ্ধার অভিযানে ক্রেনের মাধ্যমে ধীরে ধীরে ভাস্কর্যগুলো তোলা হয়। পানির নিচে কাজ করা ডুবুরিরা নিদর্শনগুলো সফলভাবে উদ্ধার করার পর তীরে দাঁড়িয়ে উল্লাসে মেতে ওঠেন।

মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী শরিফ ফাতি বলেন, “সাগরের নিচে এখনো অসংখ্য নিদর্শন রয়ে গেছে। তবে নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী কেবল কিছু জিনিসই আমরা তুলছি। বাকিগুলো আমাদের জলমগ্ন ঐতিহ্যের অংশ হিসেবেই থাকবে।”

প্রত্নতাত্ত্বিকদের মতে, উদ্ধার হওয়া চুনাপাথরের স্থাপনাগুলো উপাসনালয়, আবাসিক ভবন কিংবা বাণিজ্য ও শিল্পকেন্দ্র হিসেবে ব্যবহৃত হত। এছাড়া পাওয়া গেছে জলাধার ও শিলাকাটা পুকুর, যা ঘরোয়া পানি সংরক্ষণ ও মাছ চাষে ব্যবহৃত হতো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ