,

১২ দিনের যুদ্ধে ৫০০ ইসরায়েলি নিহত হয়েছে: বাকের কালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক:

১২ দিনের যুদ্ধে ইসরায়েলের প্রকৃত হতাহতের সংখ্যা সরকারিভাবে জানানো তথ্যের চেয়ে অনেক বেশি বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। ইরানি টেলিভিশন চ্যানেল আইআরআইবি-১-এ সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, আহতের সংখ্যা বিশ্লেষণ করলে দেখা যায়, ইসরায়েলে অন্তত ৫০০ জন নিহত হয়েছে।

কালিবাফ জানান, ইসরায়েলের একটি নিরাপত্তা গবেষণা কেন্দ্রের তথ্যে বলা হয়েছে, ওই যুদ্ধে ৩ হাজার ৫২০ জন আহত হয়েছে। তার মতে, এই পরিসংখ্যানের ভিত্তিতে মৃতের সংখ্যা অন্তত ৫০০ হওয়ার কথা।

ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান প্রসঙ্গে তিনি বলেন, এ যুদ্ধবিরতি কোনো নমনীয়তার ফল নয়; বরং ইসরায়েলের ব্যর্থতারই স্বীকৃতি। তিনি দাবি করেন, ইরান স্থল ও আকাশপথে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল এবং ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা কাঠামো কার্যত অকার্যকর হয়ে পড়েছিল।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নির্ভুলতার কথা তুলে ধরে কালিবাফ বলেন, শেষ দিকে ইরানি হামলার সফলতার হার ৯০ শতাংশের বেশি ছিল। এর ফলে ইসরায়েলের প্রধান সামরিক ও বিমান প্রতিরক্ষা স্থাপনাগুলো অচল হয়ে পড়ে।

তিনি আরও বলেন, ইরান কেবল ইসরায়েলের বিরুদ্ধে নয়, বরং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো ও পশ্চিমা শক্তির বিরুদ্ধেও প্রতিরোধ গড়েছে। যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে কূটনৈতিক আলোচনার ফাঁকে দ্বিচারিতার পরিচয় দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনার মধ্যে হামলার দায় ও প্রতিশ্রুতি ভঙ্গের ব্যাখ্যা ওয়াশিংটনকে দিতে হবে। সেই সঙ্গে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণও দিতে হবে।

সাক্ষাৎকারে ইরানের গণসাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক হিসেবে আলোচিত ‘বুম বুম তেলআবিব’ গানের কথাও তুলে ধরেন কালিবাফ। তিনি বলেন, এই গান এক বিলিয়নের বেশি দর্শক পেয়েছে এবং এটি এখন ইরানি ‘মূল্যবোধের বিজয়’-এর প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ