আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগমুহূর্তে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে আগুন লাগে। বিমানটিতে তখন ১৭৩ জন যাত্রী ও ছয়জন ক্রু সদস্য ছিলেন। তবে দ্রুত পদক্ষেপের ফলে সবাই নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।
শনিবার স্থানীয় সময় বিকেল ২টা ৪৫ মিনিটে ডেনভার থেকে মিয়ামি গামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৩০২৩—বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানটি রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় বিমানের পেছনের অংশ থেকে বিকট শব্দে ধোঁয়া ও আগুন দেখা যায়।
ঘটনার পর পরই পাইলট জরুরি ব্রেক কষে বিমান থামান এবং যাত্রীদের তাৎক্ষণিকভাবে স্লাইড ব্যবহার করে নামিয়ে আনা হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক যাত্রীর ইনস্টাগ্রাম ভিডিওতেও ধোঁয়ার মধ্যে যাত্রীদের আতঙ্কিতভাবে নামতে দেখা গেছে।
ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ঘটনাস্থলেই পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে বলেছে, ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই উড্ডয়ন বাতিল করা হয় এবং বিমানটিকে পরিষেবার বাইরে রাখা হয়েছে। আমেরিকান এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের এক টায়ারে সমস্যা ছিল, যা মূলত ‘মেইনটেনেন্স ইস্যু’ হিসেবে চিহ্নিত হয়েছে।
ঘটনার পর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব আগত ফ্লাইটের জন্য এক ঘণ্টার গ্রাউন্ড স্টপ জারি করা হয়। এতে করে অন্তত ৩০৬টি ফ্লাইটে বিলম্ব ঘটে। তবে কিছু সময় পর বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী যাত্রী মার্ক সর্কিস বলেন, “বিমানটি যখন উড্ডয়নের জন্য গতি বাড়াচ্ছিল, তখনই বিকট শব্দ হয়। আমি বলি, এটা নিশ্চয়ই ভালো লক্ষণ নয়। কয়েক সেকেন্ডের মধ্যে পাইলট গতি কমিয়ে বিমান থামিয়ে দেন। এর পরই ধোঁয়া দেখা যায় এবং যাত্রীদের বের করে আনা শুরু হয়।”
উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের মার্চ মাসেও আমেরিকান এয়ারলাইন্সের আরেকটি বিমান ইঞ্জিন-সংক্রান্ত সমস্যার কারণে ডেনভারেই জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল। নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ইস্যুতে সংস্থাটির ওপর নজরদারি আরও জোরদার করার আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা।








