আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি সেনাবাহিনী ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) এই মরদেহগুলো শনাক্তের জন্য গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিহতদের পরিবারের সদস্যরা প্রিয়জনদের অবশিষ্টাংশ শনাক্ত করতে উপস্থিত হন।
আইসিআরসি এক বিবৃতিতে জানিয়েছে, নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উভয়পক্ষের অনুরোধ ও সম্মতিতে এই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, গাজার স্থানীয় স্বাস্থ্য ও ফরেনসিক কর্তৃপক্ষ মরদেহ শনাক্তের দায়িত্বে রয়েছে এবং প্রয়োজনে প্রযুক্তিগত সহায়তা দিতে আইসিআরসি প্রস্তুত।
বিবৃতিতে আরও বলা হয়, গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আজ প্রাপ্ত মৃতদেহের সংখ্যা ৪৫। তবে নিহতদের পরিচয় বা মৃত্যুর কারণ সম্পর্কে আইসিআরসি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। বহু ফিলিস্তিনি এখনও নিখোঁজ, যাদের অনেকের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর।








