রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৮০ হাজার ভিসা বাতিল করেছে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 

চলতি বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের পর থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের প্রথম ৯ মাসে প্রায় ৮০ হাজার নন-ইমিগ্র্যান্ট (অভিবাসনপ্রত্যাশী নয় এমন) ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু অবৈধ অভিবাসীদেরই নয়, বরং বৈধ ভিসাধারীদের মধ্য থেকেও আইন ভঙ্গ, নিরাপত্তা ও আচরণগত ঝুঁকি বিবেচনা করে অনেকের ভিসা বাতিল করা হয়েছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, প্রায় ১৬,০০০টি ভিসা বাতিল হয়েছে ‘ড্রাইভিং আন্ডার দ্য ইনফ্লুয়েন্স’ (মদ্যপ অবস্থায় গাড়ি চালানো) অভিযোগে, ১২,০০০টি ভিসা ‘হামলা বা সহিংসতা’, এবং প্রায় ৮,০০০টি ‘চুরি’-সংক্রান্ত অভিযোগে বাতিল করা হয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানান, “এই তিনটি অপরাধই চলতি বছরের মোট ভিসা বাতিলের প্রায় অর্ধেকের কারণ।”

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগস্ট মাসেই ৬,০০০-এরও বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়—এর মধ্যে মেয়াদোত্তীর্ণ থাকা, আইন ভঙ্গ, এমনকি সীমিত কিছু ক্ষেত্রে ‘সন্ত্রাসবাদে সমর্থন’ সংক্রান্ত অভিযোগও রয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিষয়টি শুধুই অপরাধভিত্তিক নয়; বরং রাজনৈতিক উত্তেজনা, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম, বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের ওপর নজরদারি আরও জোরদার হয়েছে।

এছাড়া, রাষ্ট্রদূত ও ভিসা কর্মকর্তাদের জন্য দেওয়া নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান ভিসাধারীদের ওপরও নিরবচ্ছিন্ন যাচাই চালু রাখতে হবে, যাতে আইনভঙ্গ, সন্ত্রাসে সমর্থন বা জাতীয় নিরাপত্তা ঝুঁকি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

তথ্যসূত্র: রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ