নিজস্ব প্রতিবেদক:
পাবনার সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন—পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮) এবং সাঁথিয়া উপজেলার আতাইকুরা কালী দরপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে মনসুর আলী (৪০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী প্রাণ হারান এবং অন্তত ১০ জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এই দুর্ঘটনায় এএলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।








