,

নতুন টপোলজিতে স্থানীয় উদ্যোক্তাদের ঝুঁকির আশঙ্কা

স্টাফ রিপোর্টার
দেশে প্রস্তাবিত নতুন টেলকো টপোলজি ও লাইসেন্সিং কাঠামোকে কেন্দ্র করে ইন্টারনেট অবকাঠামো খাতে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। দেশীয় উদ্যোক্তারা আশঙ্কা করছেন, এই টপোলজি বাস্তবায়িত হলে দেশীয় ব্যবসায়িক স্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং জাতীয় নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে বিদেশি কোম্পানিগুলোর প্রাধান্য বৃদ্ধি ও দেশের তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থানের ক্ষেত্র সংকুচিত হয়ে পড়বে বলে তারা দাবি করছেন।
২৮ মে রাজধানীর রাওয়া কমপ্লেক্সে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কস বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত কর্মশালায় এই উদ্বেগের কথা উঠে আসে। “টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা: কোন পথে এনটিটিএন এর ভবিষ্যৎ” শীর্ষক কর্মশালার সমাপ্তি বক্তব্যে দেশের ইন্টারনেট অবকাঠামো ব্যবসায়ীরা এক প্রেস ব্রিফিংয়ে নতুন নীতিমালার বিভিন্ন অসংগতির চিত্র তুলে ধরেন।
ফাইবার অ্যাট হোমেরচেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী বলেন, “নতুন টপোলজির পক্ষে বলা হচ্ছে, বর্তমান অবকাঠামো প্রযুক্তিবান্ধব নয়। এটা সঠিক নয়। বিনিয়োগের পরিমাণ কিছুটা কম হলেও ৫জি বাস্তবায়নে কোনো বাধা নেই।” তিনি অভিযোগ করেন, অতি প্রতিযোগিতার নাম করে নতুন লাইসেন্স নীতিমালায় আইএসপি প্রতিষ্ঠানগুলোকে চাপে ফেলা হচ্ছে, যার ফলে অনেক ছোট প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এবং কর্মসংস্থান হ্রাস পাবে।
টেলিকম বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির নতুন নীতিমালাকে সাংঘর্ষিক উল্লেখ করে বলেন, “এই খাত শুধু ব্যবসার নয়, জাতীয় নিরাপত্তার অংশও। বিদেশি বিনিয়োগ দরকার হলেও একচেটিয়া সুযোগ দিয়ে দেশীয় সক্ষমতাকে অবহেলা করা ঠিক নয়।” তিনি বলেন, “মোবাইল অপারেটরদের জন্য সব সুযোগ উন্মুক্ত করে দিলে ভাষাগত চাতুরীর মাধ্যমে আইএসপিদের ঠেকানো সম্ভব হবে না।”
প্রতিষ্ঠানটির গভর্নেন্স অ্যাফেয়ার্স অফিসার আব্বাস ফারুক জানান, দেশের ৬টি এনটিটিএন অপারেটরের দেড় লাখ কিলোমিটার ফাইবার ক্যাবল রয়েছে, কিন্তু নতুন নীতিমালায় সরকারি-বেসরকারি অপারেটরের মধ্যে বড় বৈষম্য সৃষ্টি হয়েছে। ট্রান্সমিশন ইক্যুইপমেন্ট ব্যবহারে অনুমতির অসামঞ্জস্যতা এবং নেটওয়ার্ক শেয়ারিংয়ে অনিশ্চয়তা তৈরি করছে।
প্রতিষ্ঠানটির গভর্নমেন্ট অ্যাফেয়ার্স অফিসার লেফটেন্যান্ট কর্নেল (অব.) রবিউল ইসলাম বলেন, “নতুন কাঠামোতে প্রতি স্তরে নেটওয়ার্ক শেয়ারিংয়ের নামে নিয়ন্ত্রণের পরিবেশ তৈরি হচ্ছে, যা বাজারে ভারসাম্য নষ্ট করবে এবং ক্ষুদ্র ব্যবসায়িক উদ্যোক্তাদের অস্তিত্ব বিপন্ন করবে।” তিনি অভিযোগ করেন, “বিটিআরসি মোবাইল অপারেটরদের স্বার্থরক্ষার নাটক মঞ্চস্থ করছে।”
ব্রিফিংয়ে স্টারলিংকের সম্ভাব্য আগমনের বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। উদ্যোক্তারা বলেন, মোবাইল অপারেটররা যদি সরাসরি আইএসপি হিসেবে কাজ শুরু করে, তাহলে এনটিটিএন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক প্রযুক্তি নির্ভরতা বাড়লে জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়বে। তাই নীতিমালার পুনঃমূল্যায়ন করে আন্তর্জাতিক টেলিকম সংস্থা ওঞট’র ভেটিংয়ের মাধ্যমে বাস্তবায়নের দাবি জানান তারা।
এই প্রস্তাবিত টপোলজির মাধ্যমে যেভাবে দেশীয় উদ্যোক্তাদের সুযোগ সীমিত করা হচ্ছে, তা দেশের স্বার্থবিরোধী বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তারা চাইছেন, কোনো নীতিমালা চূড়ান্ত করার আগে দেশের প্রযুক্তিগত সক্ষমতা, উদ্যোক্তাদের ভবিষ্যৎ এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে গভীরভাবে পর্যালোচনা করা হোক। সরকারের উচিত, নীতিগত ভারসাম্য রক্ষা করে স্থানীয় ও বিদেশি সব পক্ষের জন্য একটি ন্যায়সঙ্গত পরিবেশ নিশ্চিত করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ