ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব না দেওয়ায় উত্তেজনা ছড়িয়েছে। শনিবার (১৭ মে) ইশরাকের সমর্থকরা নগর ভবনের সব ফটকে তালা লাগিয়ে দেন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করেন।
সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর এলজিআরডি মন্ত্রণালয়ের অস্থায়ী কার্যালয় বর্তমানে ডিএসসিসি নগর ভবনে পরিচালিত হচ্ছে। তবে বিক্ষোভের কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ভবনে উপস্থিত হননি।
সমর্থকদের পক্ষে আন্দোলনের নেতৃত্ব দেন সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান। তিনি জানান, রোববার ঢাকাবাসীর অংশগ্রহণে আরও বড় বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি জানান, উপদেষ্টা আসিফ মাহমুদ ও সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে যেখানেই দেখা যাবে, সেখানেই প্রতিহত করা হবে।
ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করলেও এখন পর্যন্ত শপথ গ্রহণের ব্যবস্থা করেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে তার সমর্থকরা আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করেন। তারা গুলিস্তান থেকে প্রেসক্লাব পর্যন্ত অগ্রসর হলে পুলিশের বাধার মুখে ফের নগর ভবনের সামনে ফিরে আসেন।
বিক্ষোভে অংশ নেওয়া জনতা ‘শপথ নিয়ে টালবাহানা চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’ ও ‘জনতার মেয়র ইশরাক ভাই’—এমন স্লোগান দেন।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিজয়ী হলেও, ইশরাক ফল বাতিল চেয়ে আদালতে মামলা করেন। ২৭ মার্চ ২০২৫ সালে আদালত সেই ফল বাতিল করে তাকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেন। এরপর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে, কিন্তু শপথ অনুষ্ঠান এখনো অনিশ্চিত।








