নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে গঠিত নতুন নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী চীন—এমনটি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩০ জুন (সোমবার) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে ২২ জুন চীন সফরে যান বিএনপি নেতারা। সফর শেষে ২৭ জুন দেশে ফেরেন তারা।
সফর নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি এক চীন নীতিতে অটল রয়েছে—এই বার্তা আমরা স্পষ্টভাবে চীনের পক্ষকে জানিয়েছি।’
তিস্তা নদী ব্যবস্থাপনা ইস্যুতে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরলে চীন ইতিবাচক সাড়া দেয়। তিনি আশাবাদ প্রকাশ করেন, এ বিষয়ে চীন থেকে কোনও প্রস্তাব এলে বিএনপি ভবিষ্যতে তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।
রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, চীন আন্তরিকভাবে চেষ্টা করছে মিয়ানমার সরকারকে রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি করাতে।
চীন সফরকালে বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।








