চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করা হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত আয়োজনে এই ডিগ্রি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এবং সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা।
২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন অনুষদের ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী সমাবর্তনে অংশ নেন। এদের মধ্যে ৪২ জন পিএইচডি, ৩৩ জন এমফিল ডিগ্রিপ্রাপ্ত। অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করা হয়।
সকাল থেকেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন, সঙ্গে ছিলেন তাদের আত্মীয়-পরিজনেরাও। অনুষ্ঠানে প্রায় ২৫ হাজার মানুষের বসার ব্যবস্থা করা হয়।
প্রসঙ্গত, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আগে চারটি সমাবর্তন আয়োজন করেছে—১৯৯৪, ১৯৯৯, ২০০৮ এবং সর্বশেষ ২০১৬ সালে।








