সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবর্ণজয়ন্তী পালন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পিজিআরের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক:

যথাযথ মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দেশের গৌরবময় বাহিনী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর সুবর্ণজয়ন্তী তথা ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

১৯৭৫ সালের ৫ জুলাই স্বাধীন বাংলাদেশের প্রেক্ষাপটে গঠিত হয় পিজিআর। সেই ঐতিহাসিক সূচনার ৫০ বছর পূর্তিতে সোমবার পিজিআর সদর দপ্তরে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকালে অনুষ্ঠানে যোগ দিলে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং পিজিআর কমান্ডার।

রাষ্ট্রপতি প্রথমে পিজিআর-এর কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

পরবর্তীতে, তিনি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে আয়োজিত দরবারে পিজিআর সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতেই তিনি পিজিআরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের পাশাপাশি পিজিআরের পাঁচ জন শহীদ সদস্যসহ সকল প্রয়াত সৈনিকদের। তিনি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে পিজিআর সদস্যদের একাগ্রতা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন, পিজিআর দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রপতির নিরাপত্তা ও প্রটোকল দায়িত্ব পালন করে আসছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও তাঁরা যেন সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করে, সে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, সেনাবাহিনীর সিজিএস, পিএসও (এএফডি), কিউএমজি, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব, প্রতিরক্ষা সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিবসহ তিন বাহিনী ও সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ