শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাদ জুমা বড় জমায়েতের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় ধরনের জমায়েতের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি জানিয়েছেন, বাদ জুমা রাজধানীর যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে যমুনার সামনে চলমান বিক্ষোভ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। হাসনাত বলেন, ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে, সেখানে বাদ জুমায় বিশাল জনসমাগম হবে। তিনি আরও বলেন, আজকে বোঝা যাবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে আছে।

এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শুরু হয়, যা ডেকেছিলেন হাসনাত আবদুল্লাহ। এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

রাত ১টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন মিছিল নিয়ে যমুনার সামনে উপস্থিত হন। তাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন। এরপর রাত ১টার পর হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, দেড়টার দিকে এবি পার্টির সদস্যরা এবং রাত ২টায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা যোগ দেন। এছাড়া গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য ও ইনকিলাব মঞ্চের সদস্যরাও বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভকারীরা বিভিন্ন সময় বিরতিসহ স্লোগান দেন—‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ এবং ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’।

রাত ২টার দিকে নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজই ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু নয় মাস পেরিয়ে গেলেও তা না হওয়ায় তারা আবারও রাজপথে নেমেছেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে ইন্টারিম সরকারের জন্য আর সময় নেই— হয় তারা নিষিদ্ধ করবে, নয়তো আন্দোলনকারীরা লাশ হয়ে ফিরবে।

শুক্রবার সকাল ৮টার দিকে জামায়াতের নেতাকর্মীরাও বিক্ষোভে যোগ দেন। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। তিনি বলেন, যাদের শক্তিতে ইন্টারিম সরকার গঠিত হয়েছে, সেই ছাত্র-জনতা আজ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছে। তাই দুপুরের আগেই রাজনৈতিক দলগুলোকে ডেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ