অনলাইন ডেস্ক:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে যারা সহিংসতা ও বিশৃঙ্খলার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গোপালগঞ্জে যারা অন্যায় করেছে, তারা অবশ্যই গ্রেফতার হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।”
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কিছু তথ্য ছিল। তবে সহিংসতার মাত্রা এতটা হবে, তা নির্দিষ্টভাবে জানা ছিল না।”
এনসিপি নেতাদের অভিযোগ—আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে—এ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “আপনারাও তো অনেক কিছু বলতে পারেন। কে কী বলল, সেটি তাদের নিজস্ব বক্তব্য।”
উল্লেখ্য, বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে কয়েক দফা হামলা ও সংঘর্ষে চারজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের মধ্যে রয়েছেন একাধিক সাংবাদিকও। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলার সঙ্গে জড়িত।








