বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদাবাজ ও দখলদারদের তালিকা করছে ডিবি: আইজিপি

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজ ও আধিপত্য বিস্তারকারীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আইজিপি বলেন, “ঢাকায় এলাকা ভিত্তিক গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা চিহ্নিত চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য সংগ্রহ করছে। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। যাদের বিরুদ্ধে মামলা না থাকলেও ‘রেপুটেশন’ খারাপ, তাদের প্রিভেন্টিভ ডিটেনশনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ এখন কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে।”

আইজিপি বাহারুল আলম উল্লেখ করেন, “গত ১৫ বছরে সমাজব্যবস্থা অত্যন্ত জটিল হয়ে উঠেছে। মাত্র কয়েক মাসে সব সমস্যা সমাধান সম্ভব নয়। তবে আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানোর চেষ্টা করছি।”

পুলিশ বাহিনীর চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে, তা আমাদের জন্য ট্রমাটিক অভিজ্ঞতা। এ অবস্থার মধ্য থেকেও আমরা বাহিনীকে গুছিয়ে তুলতে কাজ করছি। এখনো সম্পূর্ণ সন্তুষ্ট নই, তবে আমরা প্রক্রিয়ার মধ্যেই আছি।”

আসন্ন নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে আইজিপি বলেন, “আমরা একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন আয়োজনের দিকে এগোচ্ছি। এজন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার গঠনে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যাশা করি, সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং পুলিশকে সহায়তা করবে।”

আইজিপি বাহারুল আলমের এই বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতে পুলিশের প্রস্তুতির দৃষ্টান্ত উঠে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ