ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে রাজধানীর ৯টি গুরুত্বপূর্ণ স্থানে সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৯ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই (১৫ মে ২০২৫) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
নিষিদ্ধ ঘোষিত স্থানগুলো হলো:
প্রধান বিচারপতির সরকারি বাসভবন
বিচারপতি ভবন
জাজেস কমপ্লেক্স
সুপ্রিম কোর্টের প্রধান গেট
মাজার গেট
জামে মসজিদ গেট
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ এলাকা
ডিএমপি আরও জানায়, বিভিন্ন দাবিদাওয়া আদায়ের কর্মসূচিতে হঠাৎ করে রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে এবং শান্তিপূর্ণভাবে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।








