গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুটি মামলা করেছে এবং অন্তত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানান, সোমবার ঢাকাসহ বিভিন্ন শহরে সহিংস ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, জননিরাপত্তা বিঘ্নকারী এসব ঘটনা আইনশৃঙ্খলা রক্ষার জন্য হুমকি।
বিবৃতিতে জানানো হয়, পুলিশের অভিযান চলমান এবং এরই মধ্যে অভিযুক্তদের ধরতে রাতেই অভিযান পরিচালিত হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণকারীদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তিনি স্পষ্টভাবে বলেন, যতক্ষণ না সব অপরাধী গ্রেফতার হচ্ছে, অভিযান বন্ধ হবে না।
প্রেস সচিব আরও বলেন, যাদের কাছে এ ঘটনার বিষয়ে কোনো তথ্য রয়েছে, তাদের তদন্তে সহায়তার আহ্বান জানানো হচ্ছে। শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থাকে রক্ষা করতে অপরাধীদের আইনের আওতায় আনার ব্যাপারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।








