বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আইএসপিআরের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশকে ঘিরে সংঘর্ষ, ভাঙচুর ও প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বৃহস্পতিবার আইএসপিআরের ফেসবুক পেজে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়, গোপালগঞ্জ জেলায় বর্তমানে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং প্রশাসনের ঘোষিত কারফিউ কার্যকর রয়েছে। জনসাধারণকে ধৈর্য ধারণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “জুলাই মাসে আহ্বানকৃত এক পদযাত্রার অংশ হিসেবে এনসিপির জনসমাবেশকে কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জ সদর উপজেলায় একদল উচ্ছৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হন। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।”

পরিস্থিতি দ্রুত অবনতি হলে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তবে পরে মঞ্চ এলাকায় আবারও হামলার ঘটনা ঘটে এবং জেলা কারাগারে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

বিবৃতিতে আরও জানানো হয়, “হামলাকারীদের শান্ত করতে সেনাবাহিনী মাইকিং করে বারবার সতর্কবার্তা দেয়। কিন্তু হামলাকারীরা সেনাবাহিনীর ওপর ককটেল ও ইটপাটকেল ছুড়ে আক্রমণ চালায়। আত্মরক্ষার স্বার্থে সেনাবাহিনী বাধ্য হয়ে বলপ্রয়োগ করে। পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

এ সময় সেনাবাহিনীর তত্ত্বাবধানে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেওয়া বেশ কিছু ব্যক্তিকে খুলনায় স্থানান্তর করা হয়।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, বর্তমানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গোপালগঞ্জবাসীর সহনশীলতা ও দায়িত্বশীল ভূমিকাকে সাধুবাদ জানিয়ে আইএসপিআর আরও জানায়, “জননিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। বিভ্রান্তিকর গুজব থেকে বিরত থেকে সবাইকে ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ