পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক
চট্টগ্রাম, ৩০ অক্টোবর – নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হয়েছেন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ‘হল অব ফেইম’ হলো একটি ঐতিহ্যগত সর্বোচ্চ সম্মাননা, যা নির্দিষ্ট ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়। বিএমএ’র ইতিহাসে এই প্রথম নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান হিসেবে বর্তমান বাহিনী প্রধানগণ এই সম্মানে ভূষিত হলেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানগণ ১৯৮৪ সালে বিএমএ’র ১৩তম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে দ্বিতীয় যৌথ সামরিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ১০ সপ্তাহের প্রশিক্ষণ শেষে তারা ১৯৮৬ সালে নিজ নিজ একাডেমি থেকে কমিশন লাভ করেন। পরবর্তীতে এডমিরাল এম নাজমুল হাসান ২৪ জুলাই ২০২৩ সালে ১৭তম নৌবাহিনী প্রধান এবং এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ১১ জুন ২০২৪ সালে ১৭তম বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিওসি, আর্টডক; জিওসি ২৪ পদাতিক ডিভিশন; কমান্ড্যান্ট, বিএমএ; কমান্ড্যান্ট, ইবিআরসি; চেয়ারম্যান, চা বোর্ড; চেয়ারম্যান, সিপিএ; কমচিট; কমব্যান; এএসডি; এওসি, বিএএফ জহুর; এয়ার সেক্রেটারি সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদবীর প্রতিনিধিরা।








