অনলাইন ডেস্ক:
জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
বুধবার (৯ জুলাই) তিনি এনসিটি পরিদর্শনে গিয়ে সরেজমিনে কনটেইনার হ্যান্ডলিং, কনটেইনার পরীক্ষণ (এক্সামিন) এবং টার্মিনাল অপারেশন সিস্টেমের কার্যক্রম ঘুরে দেখেন। তিনি এনসিটি-২ জেটি এলাকা, এপ্রেইস পয়েন্ট এবং সিটিএমএস ভবনে পরিচালিত কার্যক্রমে উপস্থিত থেকে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করেন।
পরিদর্শনকালে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন নৌবাহিনী প্রধান। পাশাপাশি টার্মিনালের দক্ষ ও সময়োপযোগী পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ৭ জুলাই চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডকে এনসিটির পরিচালনার দায়িত্ব প্রদান করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর ফলে বন্দরের কার্যক্রমে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং দক্ষতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের নিরাপত্তা ও অগ্রগতির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা সর্বদা প্রস্তুত এবং দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছেন। এই পরিদর্শন তারই একটি প্রতিফলন।








