,

সেনাসদরের চিঠি নিয়ে অপব্যাখ্যা: বিভ্রান্তি নিরসনে ব্যাখ্যা সেনাবাহিনীর

পথে প্রান্তরে রিপোর্ট:

সম্প্রতি সেনাসদরের একটি প্রশাসনিক চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শুক্রবার (১১ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি স্পষ্ট করে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই চিঠিটি ছিল জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে পূর্ববর্তী কিছু ঘটনায় সেনাসদস্যদের হেনস্তার অভিযোগ-সংক্রান্ত তথ্য আহ্বান করার অভ্যন্তরীণ প্রশাসনিক পদক্ষেপ। বিশেষ করে, পিলখানা ট্র্যাজেডির পর গঠিত তদন্ত কমিশনের প্রয়োজনীয়তার ভিত্তিতেই এটি প্রস্তুত করা হয়েছিল।

তবে সেনাসদর জানায়, যেকোনো ভুল ব্যাখ্যা বা অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া এড়াতে চিঠিটি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে এবং এই কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, “একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর মধ্যে বিভ্রান্তি ও অনাস্থা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।” এ ধরনের অপপ্রচার থেকে গণমাধ্যম ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, সমন্বয় ও পেশাদারিত্বের সঙ্গে দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলেও সেনাবাহিনী আশাবাদ ব্যক্ত করে।

আইএসপিআরের বার্তায় বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ