শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তঃদেশীয় অপরাধ দমনে বাংলাদেশ-মালয়েশিয়া পুলিশের যৌথ উদ্যোগ

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক:

আন্তঃদেশীয় অপরাধ দমন, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং অন্যান্য নিরাপত্তা ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ও মালয়েশিয়া রয়েল পুলিশের মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইড’-এ এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ পুলিশের পক্ষে নেতৃত্ব দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম এবং মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেন রয়েল মালয়েশিয়া পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আজমান বিন আব্দ রাযাক। সাত সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি বাংলাদেশ সফরে আসেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করে আইজিপি মালয়েশিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানান। তিনি বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের পুলিশবাহিনী আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

বৈঠকে সন্ত্রাসবাদ, মানবপাচার, অর্থপাচার ও অন্যান্য আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধে যৌথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। উভয় দেশের পুলিশ বাহিনী ভবিষ্যতে তথ্য আদান-প্রদান ও সমন্বিত উদ্যোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে।

এ সময় র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম; স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল; এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বৈঠক দুই দেশের পুলিশ বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ