শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ: সিএমপি

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র আশুরা উপলক্ষে আগামী ৬ জুলাই চট্টগ্রাম মহানগর এলাকায় আয়োজিত তাজিয়া মিছিলে সব ধরনের অস্ত্র বহন এবং আতশবাজি নিষিদ্ধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শুক্রবার (৪ জুলাই) সিএমপি থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছরের মতো এবারও আশুরার দিন ধর্মীয় ভাবগাম্ভীর্যে নগরজুড়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, কিছু ব্যক্তি এই মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি ধারালো বা বিপজ্জনক অস্ত্র নিয়ে অংশগ্রহণ করেন। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা ছড়িয়ে পড়ে। কখনো কখনো এসব কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও সৃষ্টি হয়।

এই পরিস্থিতি মোকাবিলায় এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮-এর ২৯ ও ৩০ ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে সিএমপি কর্তৃপক্ষ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিছিল চলাকালীন সময়—অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত—কেউ কোনো ধরনের ধারালো অস্ত্র, লাঠি কিংবা বিস্ফোরকদ্রব্য বহন করতে পারবেন না। এছাড়া আতশবাজি ও পটকাও সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

সিএমপি জানিয়েছে, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেন এবং নিয়ম মেনে চলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ