নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:
ঢাকা মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে ডিএমপি পরিচালিত সাঁড়াশি অভিযানে ১৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩৩টি মামলা রুজু করা হয়।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত রাজধানীর ৫০টি থানায় মোট ৪৭১টি টহল টিম মোতায়েন করা হয়। এর মধ্যে দিনে ২১২টি এবং রাতে ২৫৯টি টিম দায়িত্ব পালন করে। এসব টিমের মধ্যে ছিল ২১২টি মোবাইল পেট্রোল, ২০টি ফুট পেট্রোল ও ২৭টি হোন্ডা পেট্রোল টিম।
এছাড়া মহানগরের বিভিন্ন কৌশলগত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয় ৬৬টি চেকপোস্ট। টহল ও চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ১৮৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন একজন ডাকাত, পাঁচজন চোর, ১৩ জন মাদক কারবারি, দুইজন প্রতারক এবং ১২ জন পরোয়ানাভুক্ত আসামি। এছাড়াও অন্যান্য অপরাধে জড়িত অনেককেই আটক করা হয়।

অভিযানে ব্যবহৃত ১১টি চোরাই মোবাইল ফোন, একটি বাস ও নগদ ১৩,১৮০ টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ১০,০৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেন্সিডিল এবং এক গ্রাম হেরোইন।
ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ রাজধানীতে ২,৮৪৫টি মামলা দায়ের করেছে। এর মধ্যে ২৮২টি গাড়ি ডাম্পিং ও ৯২টি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগরবাসীর নিরাপত্তা এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ডিএমপি তাদের টহল, অভিযান এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করার কথা জানিয়েছে।








