,

১২ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত ফোন উদ্ধার, গ্রেফতার ৩ ছিনতাইকারী

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের ১২ ঘণ্টার মধ্যেই ছিনতাইকৃত মোবাইল ফোনসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড় সংলগ্ন এক গলিতে ছিনতাইয়ের শিকার হন এক সাংবাদিক। ওই সময় তিনি স্ত্রীসহ রিকশাযোগে গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনজন ছিনতাইকারী চাপাতি হাতে রিকশার গতি রোধ করে তার ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের সময় চাপাতির আঘাতে আহত হন সাংবাদিকটি।

ঘটনার পরপরই ভুক্তভোগী মোহাম্মদপুর থানায় অভিযোগ করলে তৎক্ষণাৎ তদন্তে নামে পুলিশ। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)। মোহাম্মদপুর থানা জানায়, তাদের মধ্যে ইউসুফই মূল পরিকল্পনাকারী ও নেতৃত্বদানকারী। অভিযানে তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ঘটনার সময় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট চার পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছি। অপরাধী যত বড়ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ