শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পৃথিবীর চারপাশে ঘুরছে ‘দ্বিতীয় চাঁদ’

পথে প্রান্তরে ডিজিটাল ডেস্ক 

এটা কোনো সায়েন্স ফিকশন বা সিনেমার কাহিনি নয়—বাস্তবেই পৃথিবী নিজের জন্য খুঁজে পেয়েছে এক নতুন চাঁদ। জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, চাঁদের পাশাপাশি আরও একটি ক্ষুদ্র গ্রহাণু পৃথিবীর কাছে ঘুরপাক খাচ্ছে। তাদের এই আবিষ্কার বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানী ও মহাকাশপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।

‘২০২৫ পিএন৭’—পৃথিবীর আধা-উপগ্রহ
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর কাছাকাছি একটি ছোট গ্রহাণু ‘২০২৫ পিএন৭’ শনাক্ত করেছেন। এটি পৃথিবীর একটি ‘কোয়াসি স্যাটেলাইট’ বা ‘আধা-উপগ্রহ’ হিসেবে চিহ্নিত হয়েছে। এ ধরনের বস্তু বিরল, কারণ এগুলো পুরোপুরি পৃথিবীর মহাকর্ষে আবদ্ধ নয়, তবে কাছাকাছি কক্ষপথে অবস্থান করে।

গবেষকদের মতে, ২০২৫ পিএন৭-এর আকার মাত্র ১৮ থেকে ৩৬ মিটার—একটি সাধারণ ভবনের উচ্চতার সমান। চলতি বছরের আগস্টে একটি জরিপে এই ছোট উপগ্রহটি প্রথম ধরা পড়ে।

নতুন চাঁদের গতি ও অবস্থান
নাসার তথ্য অনুযায়ী, ২০২৫ পিএন৭ পৃথিবীর চারপাশে একটি নির্দিষ্ট পথ অনুসরণ করছে এবং এটি অন্তত ২০৮৩ সাল পর্যন্ত পৃথিবীর সঙ্গী হয়ে থাকবে। তবে এটি আসল চাঁদের মতো সরাসরি পৃথিবীকে প্রদক্ষিণ করে না; বরং সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর সঙ্গী হয়ে থাকে।

আর্কাইভাল পর্যবেক্ষণ থেকে ধারণা করা হচ্ছে, ২০২৫ পিএন৭ সম্ভবত ১৯৬০ সাল থেকেই পৃথিবীর সঙ্গে এভাবে ভ্রমণ করছে। বিজ্ঞানীরা বলছেন, এটি আগামী কয়েক দশক ধরে পৃথিবীর সঙ্গে সহ-কক্ষপথে ঘুরবে, এরপর মহাকর্ষের প্রভাবে এর পথ পরিবর্তন হতে পারে।

কোনো হুমকি নয়, তবে বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ
বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন যে ২০২৫ পিএন৭ পৃথিবীর জন্য কোনো হুমকি নয়। এর আকার ছোট এবং কক্ষপথ স্থিতিশীল। তবে এটি বৈজ্ঞানিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার, কারণ এর মাধ্যমে পৃথিবী ও চাঁদের পারস্পরিক কক্ষপথ সম্পর্কে নতুন ধারণা পাওয়া সম্ভব হবে।

যদিও অনেকেই একে পৃথিবীর ‘দ্বিতীয় চাঁদ’ বলে উল্লেখ করছেন, জ্যোতির্বিজ্ঞানীরা পরিষ্কার করেছেন—এটি পূর্ণাঙ্গ চাঁদ নয়, বরং এক ‘অর্ধ-উপগ্রহ’, যা সূর্যকে কেন্দ্র করেই পৃথিবীর সঙ্গী হয়ে পথচলা অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ