খোকন আহম্মেদ হীরা, বরিশাল
ভাল নেই বেদের মেয়ে জোসনার শাহজাদা চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। ঢাকাই সিনেমার সোনালি যুগের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। সপ্তাহে পাঁচদিন তিনি রেডিওথেরাপি নিচ্ছেন। রেডিওথেরাপি শেষ হওয়ার এক মাস পর তার শারীরিক অবস্থা বোঝা যাবে।
তার সুস্থ্যতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইলিয়াস কাঞ্চনের পরিবারসহ চলচ্চিত্রের শিল্পীরা।
দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। ১৯৮৯ সালের বাংলাদেশী চলচ্চিত্রে তোজাম্মেল হক বকুলের পরিচালনায় বেদের মেয়ে জোসনা সিনেমায় শাহজাদার ভূমিকায় অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন।
ছবির নাম ভূমিকায় অভিনয় করেন অঞ্জু ঘোষ। বাংলাদেশ চলচ্চিত্র এবং ঢালিউডের ইতিহাসে ইলিয়াস কাঞ্চনের অভিনীত বেদের মেয়ে জোসনা ছবিটি সর্বোচ্চ ব্যবসা সফল ছায়াছবি। শুধু অভিনয় নয়, সামাজিক কর্মকান্ডেও ইলিয়াস কাঞ্চন রেখেছেন বিশেষ ভূমিকা।
বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করা ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্রে এসেছিলেন কিংবদন্তী পরিচালক সুভাষ দত্তের হাত ধরে। ১৯৭৭ সালে ববিতার সাথে বসুন্ধরা সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। ক্যারিয়ারে ইলিয়াস কাঞ্চন জুটি বেঁধে সফল হয়েছেন বেশ কয়েকজন নায়িকার সাথে।
৩২ বছর আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর যন্ত্রণা বুকে চেপে তারকা খ্যাতির মোহ ছেড়ে পর্দা থেকে বেরিয়ে নিরাপদ সড়কের আন্দোলনে রাজপথে নামেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও প্রায় চারশ’ চলচ্চিত্রে অভিনয় করা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
১৯৯৩ সালে ২২ অক্টোবর দুই সন্তানকে নিয়ে বান্দরবানে স্বামীর শুটিং সেটে যাওয়ার পথে চট্টগ্রামের পটিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের ধাক্কায় অকালে প্রাণ হারান জাহানারা কাঞ্চন। নিজের স্ত্রীকে বাঁচাতে না পারলেও দেশের হাজারো মানুষকে সচেতন করে তুলতে ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলনে মাঠে নামেন।
দুর্ঘটনার সময় মেয়ে ইসরাত জাহান ইমা ও ছেলে মিরাজুল মইন জয় জাহানারা কাঞ্চনের সাথে থাকলেও ভাগ্যক্রমে তারা বেঁচে যান।
নিরাপদ সড়ক চাই সামাজিক এ আন্দোলনের মাধ্যমে পথচারী, চালক, হেলপারদের সচেতন করে তোলার স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে ইলিয়াস কাঞ্চন একুশে পদক পেয়েছেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি, নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবরে ভক্তদের পাশাপাশি রীতিমতো উদ্বিগ্ন দেশের চলচ্চিত্র মহল।








