অনলাইন ডেস্ক:
বাংলাদেশে “স্থপতি” পদবিটি আইন দ্বারা সংরক্ষিত একটি পেশাগত উপাধি। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড–২০২০ অনুযায়ী, “স্থপতি” বলতে এমন পেশাজীবীকে বোঝায়, যিনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে ডিগ্রি অর্জন করেছেন এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) অনুমোদিত তালিকাভুক্ত সদস্য হিসেবে নিবন্ধিত।
আইএবি জানিয়েছে, সম্প্রতি অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান যথাযথ শিক্ষাগত যোগ্যতা ও নিবন্ধন ছাড়াই নিজেদের নামের আগে বা পরে “স্থপতি” কিংবা “ইন্টেরিয়র স্থপতি” পদবি ব্যবহার করছেন। এ ধরনের পরিচয় ব্যবহার প্রতারণামূলক, আইনবিরুদ্ধ ও নৈতিকতাবিরোধী।
সংস্থাটি মনে করে, ভুয়া পরিচয়ে “স্থপতি” পদবি ব্যবহার শুধু পেশার মর্যাদা ক্ষুণ্ণ করছে না, বরং জনসাধারণের নিরাপত্তা ও আস্থার জন্যও গুরুতর হুমকি সৃষ্টি করছে।
এ বিষয়ে আইএবি এক বিবৃতিতে জানায়, এ ধরনের প্রতারণার তীব্র প্রতিবাদ জানাচ্ছে তারা। একইসাথে সবাইকে আইনের বাইরে “স্থপতি” উপাধি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে আইএবি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করবে।









