জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের সব দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।
শুক্রবার সন্ধ্যায় কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, “সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গ্রহণ করেছে।”
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংকট সমাধানে সরকার অল্প সময়ের মধ্যেই একটি পরিষ্কার রোডম্যাপ প্রকাশ করবে। তিনি জানান, শিক্ষার্থীদের আবাসন সমস্যার দ্রুত সমাধান চায় সরকার।
উল্লেখ্য, তিন দফা দাবিতে প্রায় ৫০ ঘণ্টা ধরে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন জবি শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল চারটায় আন্দোলন আরও তীব্র করে তারা গণ-অনশন শুরু করেন।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন মঞ্জুর মোর্শেদ বিকেল ৩টা ৫০ মিনিটে অনশনের ঘোষণা দেন। আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে সরকারকে চাপ প্রয়োগ করে আসছিলেন।








