অনলাইন ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজেকে ‘জাতীয় সংস্কারক’ হিসেবে ঘোষণার পক্ষে নন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মঙ্গলবার (১৫ জুলাই) পাঠানো এক বিবৃতিতে প্রেস উইং জানায়, হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ একটি রিট আবেদনের প্রেক্ষিতে রুল জারি করেছে। সেখানে জানতে চাওয়া হয়েছে, অধ্যাপক ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, অধ্যাপক ইউনূস নিজে এ ধরনের ঘোষণা চান না এবং সরকারেরও তাকে এ উপাধিতে ভূষিত করার কোনো পরিকল্পনা নেই।
বিবৃতিতে আরও বলা হয়, প্রাথমিকভাবে মনে হচ্ছে রিটটি এককভাবে আবেদনকারী নিজেই দাখিল করেছেন। তিনি কোন ভিত্তিতে এ ধরনের নির্দেশনা চেয়েছেন তা স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, রাষ্ট্রীয় সংস্কারে অবদান রাখার কারণে অধ্যাপক ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এমদাদুল হক। এই আবেদনের শুনানি শেষে সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল জারি করেন। রুলে জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা এবং আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।








