পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, মামলা দিয়ে কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি করা যাবে না। ২৮ এপ্রিল রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলোর সঠিক তদন্তের জন্য সব স্তরের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আইজিপি বলেন, একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে প্রকৃত অপরাধীদের পাশাপাশি অনেক নিরীহ ব্যক্তিকেও মামলায় আসামি করছে, যা পুলিশের নজরে এসেছে। মিথ্যা মামলার বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, বাদী মামলা দায়েরের সময় যা অভিযোগ করেন, পুলিশ তা তাৎক্ষণিকভাবে গ্রহণ করে; তদন্তে যাচাই করা হয় অভিযোগের সত্যতা। তদন্তে শুধুমাত্র সত্য প্রমাণিত অংশ আদালতে উপস্থাপন করা হয়।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেখা গেছে, অনেকেই হয়রানি ও অর্থ আদায়ের উদ্দেশ্যে ৫-১০ জন আসামির বিরুদ্ধে মামলা দিয়ে অতিরিক্ত ৩০০ জনের নাম জুড়ে দিচ্ছে। আইজিপি আশ্বাস দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এবং পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় নিরীহ কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। তদন্তে যাদের বিরুদ্ধে প্রকৃত অভিযোগ প্রমাণিত হবে, শুধুমাত্র তাদের বিরুদ্ধেই গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হবে।








