রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একমাত্র ঘর হারানো নুর নাহার বেগমের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি লংগদু জোনের আওতাধীন করল্যাছড়ি আর্মি ক্যাম্পের উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
ঘটনার দিন রাতে অগ্নিকাণ্ডে নুর নাহারের ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি, ভুক্তভোগী পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন। এরপর করল্যাছড়ি আর্মি ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে নুর নাহার বেগমকে ঘর নির্মাণের জন্য ঢেউটিন অনুদান প্রদান করা হয়।
অনুদান হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আইয়ুব আলী এবং ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আতিকুর রহমান। তাদের উপস্থিতিতে ভুক্তভোগী পরিবারটি সেনাবাহিনীর এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নুর নাহার বেগম বলেন, “সেনাবাহিনীর এই সহায়তা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। তাদের সহানুভূতি আমাদের নতুন করে জীবন শুরু করার সাহস দিয়েছে।”
বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক কর্মকাণ্ড পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করছে, যা স্থানীয় জনগণের মাঝে আস্থা ও ভালোবাসার বন্ধন গড়ে তুলছে।








