শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৪ জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রাক্কালে গত ১৫ বছরে ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সন্ত্রাসী হামলা এবং তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বুয়েটের নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকত উল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন। এ সময় তারা গত ১৫ বছরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক সহিংসতায় নিহতদের তালিকা তৈরি করে তদন্তের দাবি জানান।

মোহাম্মদ বরকত উল্লাহ বলেন, “দেশের স্বার্থে কথা বলায় আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়। এখনো তার মা প্রতিদিন কাঁদেন। আর কোনো মা যেন সন্তান হারিয়ে এমন কষ্ট না পান।” তিনি কুষ্টিয়ার গড়াই নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি তুলে ধরেন, যাতে প্রায় ৩০ হাজার মানুষের দুর্ভোগ লাঘব হয়।

আবরার ফাইয়াজ বলেন, “আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনো শিক্ষার্থীবান্ধব নয়। ল্যাব, সরঞ্জাম, গবেষণার সুযোগ ও সহায়ক পরিবেশের ঘাটতি রয়েছে।” পাশাপাশি বুয়েটে র‍্যাগিং বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তিনি। তার মতে, অতীতে ঘটে যাওয়া নিপীড়নের ঘটনাগুলোরও তদন্ত ও বিচার প্রয়োজন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “আবরার ফাহাদের হত্যাকাণ্ড জাতিকে স্তব্ধ করে দিয়েছিল। এ ঘটনার বিচার অবশ্যই সম্পন্ন হবে।” তিনি আরও বলেন, “চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা নিহত হয়েছেন, তাদের তালিকা প্রস্তুত করে প্রতিটি ঘটনার তদন্ত হবে। একই সঙ্গে তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডগুলোর তদন্তও চলমান রয়েছে। ইতোমধ্যে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।”

এ সময় তিনি শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ