পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:
আজ রোববার (১০ আগষ্ট) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এতে কারো তথ্য ভুল থাকলে তা সংশোধনের সুযোগ থাকবে ১২ দিন। গতকাল শনিবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এবারের হালনাগাদে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হচ্ছেন। এদের তথ্য খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হবে এবং উপজেলা কর্মকর্তারা নির্দিষ্ট স্থানে তালিকাটি সাঁটিয়ে দেবেন।
সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং তথ্য সংশোধনের জন্য ২১ আগস্ট পর্যন্ত দরখাস্ত করা যাবে (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪-এর মাধ্যমে)। এসব আবেদন সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবেন।
সব কার্যক্রম শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৩১ আগস্ট। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এছাড়া যাদের বয়স আগামী ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ হবে, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।








