শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্দোলনে জড়ালে বাধ্যতামূলক অবসর কিংবা চাকরিচ্যুতির বিধান

অনলাইন ডেস্ক:

সরকারি কর্মচারীরা যদি কর্মবিরতি বা অন্য কোনো আন্দোলনে জড়িত হন এবং তাতে অন্য সহকর্মীকে তার দায়িত্ব পালনে বাধা দেন, তাহলে সংশ্লিষ্ট কর্মচারীকে বাধ্যতামূলক অবসর বা চাকরি থেকে বরখাস্ত করা যেতে পারে।

এ সংক্রান্ত বিধান যুক্ত করে সরকার সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে। ২৩ জুলাই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর সই করা এই অধ্যাদেশ রাষ্ট্রপতির অনুমোদনে জারি করা হয়। এটি অবিলম্বে কার্যকর হবে।

নতুন অধ্যাদেশে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৩৭ক পুনর্লিখন করে বলা হয়েছে,
যদি কোনো সরকারি কর্মচারী—

  • বৈধ সরকারি আদেশ অমান্য করেন,
  • অন্য কর্মচারীকে আদেশ অমান্য করতে প্ররোচিত করেন,
  • যৌক্তিক কারণ বা অনুমোদন ছাড়া কর্মবিরতি করেন বা অন্যকে করান,
  • কিংবা অন্য কোনো সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেন,

তবে এসব কাজকে “সরকারি কাজে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ” হিসেবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট কর্মচারীকে তিন ধরনের শাস্তি দেওয়া যেতে পারে—
১. নিম্নপদে অবনমন,
২. বাধ্যতামূলক অবসর,
৩. চাকরি থেকে বরখাস্ত।

আইনজীবীরা বলছেন, যদিও ‘আন্দোলন’ শব্দটি সরাসরি ব্যবহৃত হয়নি, তবে কর্মবিরতি, আদেশ অমান্য এবং সহকর্মীকে দায়িত্ব পালনে বাধা দেওয়া—এই ধারাগুলোর মাধ্যমে মূলত সরকারি কর্মচারীদের আন্দোলনকে নিষিদ্ধ করা হয়েছে।

অধ্যাদেশে আরও বলা হয়, এই ধরনের অভিযোগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ বা তার নিয়োজিত ব্যক্তি অভিযোগ গঠন করবেন এবং অভিযুক্ত কর্মচারীকে কারণ দর্শানোর জন্য ৭ কার্যদিবসের মধ্যে নোটিশ দেওয়া হবে। কর্মচারী চাইলে শুনানিতে অংশ নিতে পারবেন।

অন্যদিকে, রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না, তবে ৩০ কার্যদিবসের মধ্যে রিভিউর আবেদন করা যাবে। রাষ্ট্রপতির সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

এই অধ্যাদেশ জারির পেছনে কারণ হিসেবে বলা হয়েছে, সংসদ ভেঙে যাওয়ার পর জরুরি পরিস্থিতিতে আশু ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই অধ্যাদেশ প্রণয়ন ও জারি করেছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই অধ্যাদেশের মাধ্যমে সরকারি চাকরির শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে সরকারের অবস্থান আরও কঠোরভাবে তুলে ধরা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ