অনলাইন ডেস্ক:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিক্ষার্থী মারা গেছেন। নিহতরা হলেন—এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩) এবং সায়ান ইউসুফ (১৪)। সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রাত ৮টার দিকে জানায়, দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৭১ জন। এদের মধ্যে কয়েকজনের মরদেহ শনাক্ত করে ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন হাসপাতালে হতাহতদের তালিকা ছিল এমন:
- কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত নেই
- জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০, নিহত ২
- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩, নিহত ১
- সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২
- কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১, নিহত ২
- লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা: আহত ১১, নিহত ২
- উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১
- উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই
তবে আইএসপিআরের দেওয়া তথ্য হালনাগাদের আগেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও কয়েকজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। রাত সাড়ে ১০টার দিকে আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, চিকিৎসাধীন মাহেরীন চৌধুরী (৪০) এবং আফনান (১৪) মৃত্যুবরণ করেছেন। এরপর রাত দেড়টার দিকে একই হাসপাতালে মৃত্যু হয় আব্দুল্লাহ সামিন (১৪) নামের এক শিক্ষার্থীর, যিনি মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার কিছু পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ভবনটিতে অসংখ্য শিক্ষার্থী অবস্থান করছিলেন। বিমানের আঘাতে ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন ধরে যায়, যার ফলে বহু শিক্ষার্থী দগ্ধ হন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সরকার মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে।








