নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় বিদেশি চিকিৎসক আনার পরিকল্পনার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি জানান, “প্রয়োজনে আহতদের বিদেশেও পাঠানো হবে। আজ জাতির জীবনে এক গভীর বিয়োগান্তক দিন। এরকম ট্রাজেডি আমরা আগে দেখিনি। এই শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
ড. আসিফ নজরুল বলেন, “পুরো জাতি আজ শোকাহত। আমরা ছয়জন উপদেষ্টা হাসপাতালে এসেছি। কয়েকজন মাইলস্টোন স্কুল পরিদর্শনে গেছেন। বার্ন ইউনিটে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন। চিকিৎসায় কোনো ঘাটতি থাকবে না। প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হবে, রোগীদের বিদেশেও পাঠানো হতে পারে।”
তিনি আরও বলেন, “আজ যা হারিয়েছি, তা কোনো কিছুর বিনিময়ে ফিরে পাওয়া সম্ভব নয়। আগামীকাল জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা ঘটনার সার্বিক খোঁজখবর রাখছেন। দুর্ঘটনার পেছনে কী কারণ, তা খতিয়ে দেখতে তদন্ত হবে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হবে।”
উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত ৭০ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যাদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানানো হয়েছে।








