নাসরিন সুলতানা, স্টাফ রিপোর্টার:
ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়নের কিছু সময় পরই নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘হায়দার হল’ ভবনের ক্যানটিনের ছাদে আছড়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এবং ৬টি অ্যাম্বুলেন্স উদ্ধারকাজে অংশ নেয়। ঘটনাস্থলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানান, এ পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
বিমান বিধ্বস্তের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। স্বজনদের খোঁজে ঘটনাস্থলে ছুটে আসেন অনেকেই। নিখোঁজ প্রিয়জনের সন্ধানে কেউ কেউ হন্যে হয়ে ফিরছেন, কেউবা কান্নায় ভেঙে পড়েছেন। আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা এলাকা।
এদিকে, দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা দিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু করা হয়েছে জরুরি হটলাইন—০১৯৪৯-০৪৩৬৯৭।
বেদনাদায়ক এই ঘটনায় সরকার মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে হতাহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।








