অনলাইন ডেস্ক:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকাস্থ চীন ও ফ্রান্স দূতাবাস। মঙ্গলবার পৃথক পৃথক শোকবার্তায় দুই রাষ্ট্র এই ট্র্যাজেডিকে হৃদয়বিদারক বলে অভিহিত করেছে।
চীনা দূতাবাস এক বিবৃতিতে জানায়, “ঢাকায় বিমান দুর্ঘটনায় অনেক প্রাণ ঝরে গেছে, যা আমাদের গভীরভাবে শোকাহত করেছে। নিহতদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
অন্যদিকে, ফ্রান্স দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, “২১ জুলাই ঢাকায় একটি স্কুল ভবনে বিমান দুর্ঘটনার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই দুঃসময়ে ফ্রান্স বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।”
উল্লেখ্য, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ১৭০ জন।








